পূজামণ্ডপ ঘুরলেন হুইপ দুলু ও মনোজ কুমার

নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার -আগামীর সময়
নাটোরে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। গতকাল রবিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি।
মনোজ কুমারের ভাষায়, নাটোরে এসে তার ভালো লাগছে। এখানে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হুইপ দুলু মন্দিরগুলো দেখভাল করছেন। এ উদ্যোগে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। নাটোরের মানুষকে শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেছেন, ‘হুইপ দুলুর এমন সুন্দর তৎপরতায় আমি মুগ্ধ।’
এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বললেন, ‘স্বাধীনতার পর এমন উৎসবমুখর পরিবেশে আর কখনো পূজা উদযাপন হয়নি। গতবারের চেয়ে এবার ৩৫টি মন্দিরে পূজা বেশি হচ্ছে। অতীতের চেয়ে হিন্দুরা এখন নিরাপদ। কারণ বাংলাদেশ সম্প্রীতির দেশ— এটা প্রমাণিত হয়েছে। আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বাংলাদেশি— এটাই আমাদের পরিচয়।’
হিন্দুদের উদ্দেশে তিনি বললেন, ‘পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকব।’
এর আগে সহকারী হাইকমিশনার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরে পৌঁছান। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সঙ্গে নিয়ে শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপ, বৈকালীসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।



