সকাল থেকেই দীর্ঘ লাইন, খুলনায় শুরু ভোট উৎসব

সংগৃহীত ছবি
সকাল থেকেই দীর্ঘ লাইন, চারদিকে উৎসবের আমেজ। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। খুলনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ এভাবেই শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৭টা থেকে খুলনার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
এদিন ভোর সাড়ে ৬টা থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ভোরে সরেজমিনে দেখা যায়, নগরীর খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা জড়ো হতে শুরু করেছেন। ভোট শুরুর আগে থেকেই ভোটের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ভোটাররা বুথে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুলিশ, আনসারসহ অন্যান্য নিরাপত্তা সদস্যরা ভোটারদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে ভোটগ্রহণ কার্যক্রমে সহায়তা করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।
সার্বিকভাবে সকাল থেকেই খুলনায় নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত। ভোটারদের সক্রিয় অংশগ্রহণে দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তবে আগের রাতে নগরীর টুটপাড়া, গোবর চাকা ও বৈকালী এলাকায় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

