ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর

নিহত এসআই গোলাম রব্বানী
শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) সজোরে ধাক্কা দিলে মো. গোলাম রব্বানী (৩৩) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। চালকসহ তিনজন আরোহী নিয়ে গাড়িটি ঢাকা যাচ্ছিল।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের ছোনকা ওভারপাস ব্রিজ এলাকার ঘটনা এটি। নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। তাকে বহনকারী ব্যক্তিগত জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৮০৭) ছোনকা ওভারপাস ব্রিজের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সজোরে সড়ক বিভাজকে আছড়ে পড়লে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য আরোহীরা আহত হন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়, ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




