জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মহাসড়কের বিরাইমারা ব্রিজসংলগ্ন এলাকায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে আলিফসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাটসংলগ্ন এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।



