এক মিনিটেই উধাও ৫ লাখ টাকা, থানায় ৪

এস এম হোটেল
জয়পুরহাটের আক্কেলপুরে হোটেলে নাশতা শেষে পাশের দোকানে চা খেতে যাওয়ার এক মিনিটের মধ্যে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও হয়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে এস এম হোটেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের নারী ক্যাশিয়ারসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী লিটন হোসেনের বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি ট্রাকে করে ধান কিনতে নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন। পথে চালক আলম হোসেনকে নিয়ে এস এম হোটেলে নাশতা করতে ঢোকেন।
লিটন হোসেন জানান, নাশতা করার সময় টাকার ব্যাগটি পাশের চেয়ারে রাখা ছিল। খাওয়া শেষে ক্যাশে থাকা নারীকে বিল দিয়ে তিনি পাশের দোকানে চা খেতে যান। মাত্র এক মিনিট পর ব্যাগের কথা মনে পড়লে হোটেলে ছুটে আসেন। এসে দেখেন, চেয়ারে ব্যাগটি নেই। ক্যাশে থাকা ওই নারীও নেই।
লিটন ও তার চালকের দাবি, ওই এক মিনিটে বাইরে থেকে কেউ হোটেলে ঢোকেননি। এমনকি কে টেবিল পরিষ্কার করেছে, তা-ও হোটেলের কর্মচারীরা বলতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের ক্যাশিয়ার মাহফুজা খাতুন (৫০), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং কর্মচারী মিন্টু (৪০) ও আবিদকে (৩০) থানায় নিয়ে যায়।
হোটেল মালিক সোলাইমান আলী জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। তার হোটেলে কোনো সিসি ক্যামেরাও নেই।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোটেল মালিকের স্ত্রী ও ক্যাশিয়ার মাহফুজা খাতুন এবং কর্মচারীদের কথায় অসংগতি পাওয়া গেছে। তবে তারা টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



