চারদিনের সফরে পাবনায় আসছেন রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। জুলাই অভ্যুত্থানের পর নিজ জেলায় এটি তার দ্বিতীয় সফর।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি।

