খুলনায় মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত বাপ্পি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।
এসব তথ্য জানিয়েছেন রুপসা থানার ওসি আব্দুস সবুর খান।
স্থানীয়রা জানান, ভোরে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরের মধ্যে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
ওসি সবুর জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভোরে বাপ্পিকে হত্যা করে। তার ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করেছে এখনো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




