নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

আটক হওয়া ৬ জন। সংগৃহীত ছবি
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে হাতিয়া থানায় ৪০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩১ জন, চরজব্বর থানায় ১০, কোম্পানীগঞ্জ থানায় ৬, চাটখিল থানায় ৬, কবিরহাট থানায় ৪, সুধারাম মডেল থানায় ৩, সেনবাগ থানায় ২ এবং সোনাইমুড়ী থানায় ২ জন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




