আগামীর সময়

রুমিন ফারহানা

ওয়াজ-কীর্তন-বাউল সবই একসঙ্গে চলবে

ওয়াজ-কীর্তন-বাউল সবই একসঙ্গে চলবে

ছবিঃ আগামীর সময়

গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা এবং বাউল গানের আসরে বাধা দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, তার নির্বাচনী এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল সব ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

রুমিন ফারহানা মন্তব্য করেন, ‘আমার দায়িত্বে থাকা এলাকায় কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হবে না। ওয়াজ যেমন চলবে, কীর্তন যেমন চলবে, বাউল গানও অব্যাহত থাকবে।’

তার ভাষ্য মতে, দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে সমানভাবে রক্ষা করা অত্যন্ত জরুরি। সাধক, বাউল শিল্পী এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা আমাদের দেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের চর্চা ও আয়োজনকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

তিনি আরও যোগ করেন, গত ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে এবং বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করেছি এবং এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংস্কৃতির প্রতি হানিকর কোনো কর্মকাণ্ড কখনও মেনে নেওয়া যায় না।

রুমিন ফারহানা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি-সংস্কৃতি জানাতে এবং এগুলোকে সংরক্ষণ করতে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তার এলাকায় সব সাংস্কৃতিক আয়োজন শান্তিপূর্ণভাবে চলবে এবং সবাই এগুলোকে সম্মান করবে।

    শেয়ার করুন: