মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক ড্রোন ও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
আজ শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান।
এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
ব্রিফিংয়ে কর্নেল বি এম তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল (৪৬ বিজিবি), বিয়ানীবাজার (৫২ বিজিবি) ও হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২৩৭টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ অবস্থিত। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই তিন ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সেক্টর কমান্ডার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশজুড়ে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১৮টি বেইজ ক্যাম্প।



