আগামীর সময়

মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

ছবিঃ আগামীর সময়

সুন্দরবনে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা করা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন নিরাপদে মধু সংগ্রহ করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (০১ এপ্রিল) বেলা ১টায় সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে মধু সংগ্রহের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি পৌঁছান সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মতবিনিময়ে অংশ নেন মৌয়ালদের সঙ্গে। মৌয়ালরা তাদের নানা সমস্যা, বিশেষ করে বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

তিনি ঘোষণা দেন, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হবে যৌথ বাহিনীর টহল। বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযানও বেগবান করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করেন। আজ বিকাল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। এই খাল খননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    শেয়ার করুন: