বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বৃদ্ধ

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়েছে। গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে মুন্না আহমদের ভাই ওমর ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে মেয়ের শ্বশুরবাড়িতে যান আব্দুর রহমান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।




