ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ‘হানি ট্র্যাপে’ ফেলে লুট

গ্রাফিকস: আগামীর সময়
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। শনিবার (৮ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক। সেই বিজ্ঞাপন দেখে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্ত রাজা এবং ল্যাপটপটি বিক্রির জন্য তাকে যশোরে আসতে বলেন। পরে ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন বলেও রয়েছে অভিযোগ।
পুলিশের দাবি, ওই ঘরে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল-আমিন। তদন্তের একপর্যায়ে শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।
এসআই আল-আমিন জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলত। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মূল্যবান সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেওয়া হতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগেও তারা আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।





