মহাসড়ক নির্মাণকাজের ৩৩ ব্যারেল বিটুমিন চুরি, আটক ৩

সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কের নির্মাণকাজের জন্য সংরক্ষিত ৩৩ ব্যারেল বিটুমিন চুরির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার রাজনগর ইউনিয়নের পুটিয়াকান্দি জামতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি করা বিটুমিনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার বাসিন্দা মিলন সরদার, হানিফ মিয়া ও মো. মামুন খান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার পুলিশ জানতে পারে, পুটিয়াকান্দি জামতলা এলাকায় স্থানীয় রুবেল কাজীর নির্মাণাধীন ইটের পাকা বাউন্ডারির ভেতরে রাখা মহাসড়ক নির্মাণকাজের বিটুমিন চুরি করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় তিনজনকে আটক করা হয় এবং ৩৩ ব্যারেল বিটুমিন জব্দ করা হয়।
এ ঘটনায় মহাসড়ক নির্মাণকাজের ঠিকাদার মান্নান মাদবর বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা করেছেন।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বিটুমিন চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’






