ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ছবি: আগামীর সময়
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
‘পরিষ্কার রাখি, নিরাপদ থাকি, ঝিনাইগাতী বদলাই’—এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’র মূল উদ্যোগ এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা।
কর্মসূচির শুরুতে ‘তারুণ্যের ঝিনাইগাতী’র চেয়ারম্যান লুৎফর রহমানের সৌজন্যে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীদের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করা হয়।
এতে অংশ নেন রক্তসৈনিক ঝিনাইগাতী, ভয়েস অব ঝিনাইগাতী ও সোশ্যাল সিটিজেন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক উদ্যমী স্বেচ্ছাসেবী। পুরো আয়োজনে জরুরি প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয় হীরা ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানে স্বেচ্ছাসেবীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা, ড্রেন ও আশপাশের ঝোপঝাড়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা, উপজেলা প্রকৌশলী অনতু বল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম।
আলোচনাসভায় ‘বিউটি অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ বলেন, প্রশাসন ও স্থানীয় তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এই উদ্যোগ সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করবে।
‘তারুণ্যের ঝিনাইগাতী’র কার্যকরী সভাপতি শান্ত শিফাত বলেন, এটি কেবল একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়; উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল আমিন বলেন, বিউটি অব ঝিনাইগাতী ও তারুণ্যের ঝিনাইগাতীর সেচ্ছাসেবীদের মতো তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নম্বর সদর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



