খালি কলস হাতে উপকূলবাসীর প্রতিবাদ, সুপেয় পানির দাবি

ছবিঃ আগামীর সময়
বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমী ‘কলসবন্ধন’ কর্মসূচি পালন করেছেন উপকূলের মানুষ। খালি কলস হাতে নদীর তীরে দাঁড়িয়ে তারা তুলে ধরেন দীর্ঘদিনের পানিসংকটের চিত্র।
রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এ আয়োজন করে।
কর্মসূচিতে স্থানীয় নারী ও যুবরা খালি পানির কলস নিয়ে নদীর তীরে সারিবদ্ধভাবে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। স্লোগানগুলো ছিল—‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে’ ইত্যাদি।
কর্মসূচিতে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেছেন, ‘চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদী ভাঙন ও লবণাক্ততার কারণে মিষ্টি পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে, যার সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের।’
সংগঠনের ডেপুটি সমন্বয়কারী আবিদ হোসেন বলেছেন, ‘উপকূলবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।’
স্থানীয় বাসিন্দা অর্পিতা মণ্ডল বলেছেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করে আমাদের জানমালের নিরাপত্তা দিতে হবে।’
গৃহিণী জাহানারা বেগম জানিয়েছেন, শুকনো মৌসুম শুরু হলেই পানির সংকট দেখা দেয়। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে তাদের অনেক সময় ও কষ্ট পোহাতে হয়।
উপকূলবাসীর দীর্ঘদিনের এই পানিসংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

