মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, উদ্ধার নগদ টাকা-মোটরসাইকেল

মাগুরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইলফোন উদ্ধার হয়েছে। এ সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার রাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর থানার পুলিশের একটি দল সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) ও খালিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন আলম কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী সাথী খাতুন একই এলাকার মৃত মোজাহার সিকদারের মেয়ে। অপর আসামি খালিদ হাসান নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বললেন, মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



