নিয়োগ ভাইভায় নম্বর বাড়ালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদের

ছবি: আগামীর সময়
চাকরির নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও ভাইভায় নম্বর ৪০০-তে বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সবার সঙ্গে আলোচনা না করে ভাইভার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, বাক্স্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকে থাকতে না পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘হাসিনা দিল্লি গিয়েছে, তারা কোথায় যাবে তাও জানে না।’
আলোচনা সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।
সভা শেষে ‘জুলাই ৩৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






