ব্রাহ্মণবাড়িয়া
সালিসে মাদক কারবারের অভিযোগে নির্যাতন, ভিডিও ভাইরাল

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারের অভিযোগে সালিস বৈঠকে এক ব্যক্তিকে চোখ ও হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারের ঘটনা এটি।
নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে দুপুরে নারুই বাজারে বসে স্থানীয় মাদক নির্মূল কমিটির সালিস বৈঠক। সেখানে মাদক কারবারের অভিযোগ এনে হবি মিয়াকে হাজির করা হয়। একপর্যায়ে তার মা ও স্ত্রীর সামনেই নির্যাতন করা হয় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে সালিসে উপস্থিত সবার সামনে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয় হবি মিয়াকে। পরে গামছা ও দড়ি দিয়ে তার চোখ-হাত বেঁধে ফেলেন একজন। তারপর চলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।
পুলিশের তথ্য বলছে, নারুই গ্রামের মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারসহ আরও কয়েকজন জড়িত এ নির্যাতনের সঙ্গে। নির্যাতনের পর ভবিষ্যতে মাদক কারবার না করার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয় হবি মিয়াকে।
নবীনগর থানার শিবপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বলেন, ‘ঘটনার খবর পেয়ে নারুই গ্রামে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নির্যাতনের সঙ্গে জড়িতরা। এছাড়া নির্যাতনের শিকার হবি মিয়া ও তার পরিবারের সদস্যদেরও বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।”
তিনি আরও যোগ করেন, ‘হবি মিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তবে এভাবে সালিস বৈঠক করে তাকে নির্যাতন করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান নূর নবী।






