আখাউড়ায় রেল সেতুর নিচে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মানিব্যাগে ছিল কিছু টাকা ও একটি অফিশিয়াল পরিচয়পত্র। পরিচয়পত্রে নামের জায়গায় লেখা রয়েছে মো. মিজান, আর প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে হা-মীম গ্রুপ।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার এস আই মো. কাদের জানান, ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে গিয়ে অথবা অন্য কোনো ভাবে লোকটির মৃত্যু হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, সেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা। তাই বাইরে থেকে মরদেহ ভেসে আসার সুযোগ নাই। তদন্তে বিস্তারিত জানা যাবে।




