পার্বতীপুরে পূর্বের স্থানেই ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স পূর্বের স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, মোস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল ও হাফেজ আজিজুর রহমান সুমন।
বক্তারা বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর বাজারে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভবন স্থাপন করা হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম ওই স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স অন্যত্র নির্মাণ করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করে স্থানীয়রা। বক্তারা বলেন, পূর্বের স্থানটি ইউনিয়নবাসীর জন্য পরিচিত ও দীর্ঘদিনের সেবাকেন্দ্র। তাই অন্যত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ না করে পূর্বের স্থানেই নতুন ভবন নির্মাণ করতে হবে।
দ্রুত সময়ের মধ্যে পূর্বের স্থানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে আন্দোলনকারীরা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে স্মারকলিপি দেন।
এ বিষয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পূর্বের ইউনিয়ন পরিষদের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




