বেশি দামে ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ আগামীর সময়
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে জিনারুল ইসলাম (৪৪) নামে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে দোকান থেকে মজুত করা ১৬০ লিটার ডিজেল জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার মহেশপুর গ্রামে ৮টার দিকে এই অভিযান চালায় প্রশাসন।
জিনারুল মহেশপুর গ্রামের মৃত কিতাপ আলি মন্ডলের ছেলে এবং ‘জিসান স্টোর’ নামক একটি মুদি দোকানের মালিক।
শুক্রবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মিজান ও টুআইসি সোহেল মহেশপুর গ্রামের জিসান স্টোরে অভিযান চালান।
তারা জনিয়েছেন, দোকানটিতে সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে ১৪০ টাকা লিটার দরে ডিজেল বিক্রি করা হচ্ছিল।
মিজান ও সোহেল জানান, তল্লাশি চালিয়ে দোকান থেকে ৮ কন্টেইনারে রাখা আনুমানিক ১৬০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা থানাকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
তিনি পেট্রোলিয়াম আইনে অভিযুক্ত জিনারুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা তেল সরকারি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালীন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল জানান, অসাধু উপায়ে জ্বালানি তেল মজুদ এবং সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।

