ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ছবি: আগামীর সময়
ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রেজাউল মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিলেন। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দুই অটোরিকশায় থাকা আরও পাঁচজন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
বোরহানউদ্দিন মডেল থানার ওসি মো. আশ্রাব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।




