ট্রেনে কাটা পড়লেন নারী, উদ্ধারের আগে আরেকটি ট্রেন চলে গেল ওপর দিয়ে

বগুড়া মহানগরীতে ট্রেনে কাটা পড়েছিলেন অজ্ঞাতপরিচয়ের এক মধ্যবয়সী নারী। পুলিশ আসার আগেই অপর একটি ট্রেন মরদেহর ওপর দিয়ে চলে যায়।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর নারুলী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সান্তাহার থেকে আসা পদ্মরাগ নামে কমিউটার ট্রেন বগুড়া রেলস্টেশন ছেড়ে বোনারপাড়ার উদ্দেশে রওনা দেয়। ওই সময় সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। ট্রেনটি কাছে আসার মুহূর্তে ওই নারী লাইনের উপর বসে পড়েন। ওই অবস্থা দেখে সারোয়ার নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ী সেই নারীকে সতর্ক করার চেষ্টা করেন; কিন্তু ততক্ষণে ট্রেনের নিচে চলে যান ্ওই নারী।
পরে খবর পেয়ে বগুড়া রেলস্টেশন ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। তবে এ সময় অপর একটি ট্রেন নারীর মরদেহের ওপর দিয়ে যাওয়ায় আরও ছিন্নভিন্ন হয়ে যায়। মরদেহ উদ্ধারের পর লাইন থেকে না সরানোয় স্থানীয়রা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাবুল মিয়া জানিয়েছেন, একজন অজ্ঞাত নারী ট্রেনে কেটে মারা গেছেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানলাম, ট্রেন দেখে তিনি লাইনের ওপর বসে পড়েছিলেন। নারীর পরিচয় ও প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।




