জমি নিয়ে বিরোধ
চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

ছবিঃ আগামীর সময়
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে নিষিদ্ধঘোষিত সর্বহারা দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের।
নিহত রিয়াজ হাওলাদার শুক্কুর ওরফে গুরু শুক্কুর (৬৫) সাপানিয়া গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।
নিহতের শ্যালক এনায়েত সরদার জানালেন, সাপানিয়া এলাকায় এক ব্যক্তিকে জমি কিনতে সহায়তা করেন শুক্কুর। তবে জমির ক্রেতার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন শুক্কুরের চাচাতো ভাই শহীদ। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে শুক্কুরকে ঘুষি দেয় শহীদ। পরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলা করা হবে বলে জানালেন তিনি।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, শুনেছি জমি নিয়ে ঝগড়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। কোন লিখিত অভিযোগ পায়নি। পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শুক্কুর ওরফে গুরু শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা ছিল। দীর্ঘদিন কারাগারেও ছিলেন তিনি। বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

