খুলনায় শিক্ষকের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি ও চাকু উদ্ধার, গ্রেপ্তার

গ্রেপ্তার শিক্ষক
খুলনায় অভিযান চালিয়ে ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ গোলাম রসুল বাদশা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি নগরীর খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর উত্তর দেয়ানার হোসেন শাহ রোডে গোলাম রসুল বাদশার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে গুলি ও চাকু উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। এ ঘটনায় গোলাম রসুল বাদশার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার গোলাম রসুল বাদশা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর বড় ভাই।
গ্রেপ্তারের পর গোলাম রসুল পুলিশকে জানান, তার কাছে অস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে গুলির বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। গুলিগুলো তার ভাই গোলাম রব্বানী টিপু মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত বছরের ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি-গালের সামনের ফুটপাতের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ভগ্নিপতি ইউনুস আলী শেখ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।



