পেকুয়া
বিয়েবাড়িতে গিয়েছিলেন ডেকোরেশনের কাজে, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তরুণের
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় বিয়ে বাড়িতে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জাকের হোসেনের বিয়ে উপলক্ষে বাড়িতে রঙিন শামিয়ানা টাঙানো ও আলোকসজ্জার কাজ নেন নুরুল আবছারের ডেকোরেশন প্রতিষ্ঠান। সাইফুল বাবার কাজে সহযোগিতা করতে ওই বাড়িতে যান। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানালেন, ‘বিয়েবাড়িতে ডেকোরেশনের লাইনে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুলের মৃত্যু হয়েছে।’
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেছেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’






