৯১ দিন পর ছাত্রদলের তিন নেতার বহিষ্কার প্রত্যাহার

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ছবি: আগামীর সময়
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের ৯১ দিন পর গতকাল শুক্রবার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আখতারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৩০ এপ্রিল এ তিন নেতাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদও স্থগিত করা হয়েছিল। পরে সভাপতির পদ পুনর্বহাল করা হলেও তিন নেতার বহিষ্কারাদেশ বহাল ছিল। সে সময় তাদের দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তিন নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। তারা এখন থেকে দলীয় সব কার্যক্রমে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করতে পারবেন।







