এত জনবান্ধব বাজেট আগে কেউ দিতে পারেনি : হুইপ অপু

ছবি: আগামীর সময়
বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত জনবান্ধব বাজেট দিতে পারেনি বলে মন্তব্য করলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১২ জুন) শরীয়তপুরের গোসাইরহাটে আবুপুর ফেরিঘাটে নদীতীর সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ভাষ্য, আমাদের যতগুলো ডোনার কান্ট্রি (দাতা দেশ) আছে, সবাই এ বাজেটকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রীর এ বাজেট একাধারে জনবান্ধব, কৃষিবান্ধব, শ্রমিকবান্ধব ও ছাত্রবান্ধব।
নদীভাঙন রোধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেছেন, সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
টেকসই উন্নয়নের কথা উল্লেখ করে হুইপ আরও জানালেন, শুধু জিও ব্যাগ ডাম্পিংয়ের সাময়িক সমাধানই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এটি নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জরুরি এই জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




