পূজার বোনাস ও বকেয়া আদায়ে উত্তপ্ত মিরতিংগা চা বাগান, ধর্মঘটের ডাক

ছবি: আগামীর সময়
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের শ্রমিকরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে মিরতিংগা চা বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা জানান, তাদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষের কোনো প্রকার টালবাহানা বা অজুহাত মেনে নেওয়া হবে না।
নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ পূজার বোনাস ও বকেয়া পাওনা বুঝে না নিয়ে আমরা কর্মস্থলে ফিরব না। দাবি শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অবিরাম চলবে।
কর্মসূচিতে মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিকসহ অন্যান্য শ্রমিক নেতা লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুর্মী, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং বক্তব্য রাখেন এবং শ্রমিকদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে নিয়ম অনুযায়ী শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দেওয়া হয়। তবে এবার কৃষি ব্যাংক থেকে যথাসময়ে প্রয়োজনীয় ঋণ সুবিধা না পাওয়ায় আমরা আপাতত ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করতে পেরেছি।
তিনি আরও জানান, পুরো অর্থসংস্থানের জন্য বাগান কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ৩০ শতাংশ বোনাসের প্রস্তাবে সম্মত হননি সাধারণ শ্রমিকেরা। তারা ঐতিহ্যগত ৬০ শতাংশ বোনাস এবং বকেয়া পাওনা একসঙ্গে পরিশোধের দাবিতে এখনো অনড় রয়েছেন।
তবে বাগান ব্যবস্থাপক জানান, চা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে কালকের মধ্যে এ সমস্যা নিরসনের আশ্বাস দিলে শ্রমিকরা আজকের মতো অবস্থান ধর্মঘট স্থগিত করেন।




