গল্প করতে ডেকে নিয়ে অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

ছবিঃ আগামীর সময়
দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করতে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সফিউল ইসলামের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালের দিকে ধর্ষণের শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাত ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ভুক্তভোগীর পূর্বপরিচিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে কক্ষের দরজা বন্ধ করে দেন তিনি। গল্পের এক পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ধর্ষণ করেন ওই নারীকে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ সংক্রান্ত অভিযোগে হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আজ আসামিকে আদালতে হাজির করা হবে।

