এএসআই পদে নিয়োগ দিতে ২৫ লাখের চুক্তি, গ্রেপ্তার দুই

গ্রেপ্তার দুই আসামি।
পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম শিশির ও পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে রকিবুল ইসলাম রকিব।
গতকাল শুক্রবার রাতে জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাদের। আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ চক্র মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামের কাছে ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে প্রার্থীর কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্লাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণসহ একটি চুক্তিপত্র তৈরী করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই চাকরি প্রার্থী জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) বিষয়টি অবহিত করেন।
পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গতকাল শুক্রবার শিশির ও রকিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় আজ একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেছেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে। এক্ষেত্রে কোনো তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই।





