মধ্যপ্রাচ্যের টিকিট কাটা যাত্রীরা ফেরত পাবে পুরো অর্থ: প্রতিমন্ত্রী

ছবিঃ আগামীর সময়
যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ভিসা জটিলতা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। সেসব দেশে যেতে যারা টিকেট কেটেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত দেবে কর্তৃপক্ষ।
এসব জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে সোমবার দুপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর কথা বলেন সংবাদমাধ্যমে।
‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি। তেল আমদানি করা হলেও দাম বাড়ানো হয়নি। কৃষক ও সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও তেলের দাম বাড়াবে না সরকার’- বললেন প্রতিমন্ত্রী।
গাইবান্ধা ইউনিয়নের জিয়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন এবং জামালপুরের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

