মন্ত্রী স্বপন
প্রতি উপজেলায় আইসিটি ল্যাব, তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ কর্মসংস্থানের উদ্যোগ

দেশের প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেছেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও আধুনিক তথ্যপ্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই দেশের তরুণদের এসব প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকার উপজেলা পর্যায়ে আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকেই তরুণ-তরুণীরা প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সরকারি সেবা ডিজিটালাইজেশনের বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে ডিজিটাল সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হচ্ছে।
এর আগে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।






