ধুনট
কোটি টাকার সড়ক ৫ বছরেই ধস

ছবি: আগামীর সময়
বগুড়ার ধুনট পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি পাকা সড়ক নির্মাণের মাত্র পাঁচ বছরের মাথায় ভেঙে গেছে। এতে পৌর এলাকার দাসপাড়া ও চান্দারপাড়া গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। প্রায় এক মাস ধরে সড়কটি এমন আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। চরম দুর্ভোগ আর ক্ষোভে দিন কাটাচ্ছেন দুই গ্রামের কয়েক হাজার মানুষ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, 'গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর আওতায় ২০২০-২১ অর্থবছরে দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের এই ১ কিলোমিটার আরসিসি ঢালাই সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু সরকারের বিপুল অর্থ খরচে তৈরি এ সড়ক ৫ বছর না পেরোতেই ভেঙে পড়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পরিবেশও নেই। অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দুই গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা প্রার্থী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি।
সরকারি টাকায় নির্মিত সড়কের এমন দ্রুত ধ্বংসাবশেষ দেখে ক্ষুব্ধ স্থানীয়রা কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। নামকাওয়াস্তে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কারণেই সড়কটির এই করুণ দশা বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করে ইতোমধ্যে সংস্কারের প্রাক্কলন তৈরি করা হয়েছে। দ্রুতই দরপত্র আহ্বান করা হবে। এ ছাড়া এত অল্প সময়ে সড়কটি কীভাবে ধসে পড়ল, তা অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে।



