নওগাঁয় ৬ ককটেল নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

সংগৃহীত ছবি
নির্বাচন সামনে রেখে নওগাঁর বদলগাছীর সড়কের পাশ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম সহ ৬টি ককটেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাল ঘড়িয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। পরে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কোন নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এসব পেট্রোল বোমা কি কারনে সেখানে রাখা হয়েছিলো তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

