দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন তিনি। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তেলুঞ্জিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন আলিফ। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়। এরপরই আমি গুলির শব্দ শুনি। আমি ভয় পেয়ে দোকানের ভেতরে চলে যাই।’
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।




