চাঁদপুর
মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, অভিভাবকের জিম্মায় ২১ কিশোর

অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
আজ রবিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে মতলব উত্তর থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা ও ৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছেন তিনি।
মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।




