মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

কিশোরগঞ্জের নিকলীতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাকিব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার রোদারপুড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে বলা হয়, ভুক্তভোগী কিশোরী রোদারপুড্ডা তাজিম উদ্দিন মহিলা মাদ্রাসার একজন নিয়মিত শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে সাকিব প্রায় প্রতিদিনই তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় গত ৬ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সাকিব তার সহযোগী রাজন ও লিজা আক্তারের সহায়তায় ওই কিশোরীকে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে কিশোরীকে একটি বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে পরিবারের কাছে ফিরে তিনি ঘটনার বিস্তারিত জানান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নিকলী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
নিকলী থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ১৫ অক্টোবর গভীর রাতে সাকিবকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাকিবকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




