মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপেও ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মাকছুদুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



