সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার, আটক হয়নি দস্যুরা

সুন্দরবনের দস্যু ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। তবে অভিযানের সময় দস্যুদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন— রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪), যাদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। এছাড়া রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮), যাদের বাড়ি খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে দস্যু ‘নানা ভাই’ বাহিনীর সদস্যদের হাতে জিম্মি হন এই জেলেরা। পরে মো. কবির নামের এক ব্যক্তি কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানালে অভিযান শুরু হয়।
গোয়েন্দা তথ্যে জানা যায়, মুক্তিপণ আদায়ের জন্য জেলেদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল।
‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ জানালেন বিসিজিএস ‘তৌফিক’-এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।
সুন্দরবনে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যোগ করলেন তিনি।

