আগামীর সময়

একযোগে এনসিপির ৭ নেতার পদত্যাগ, নেপথ্যে যে কারণ

একযোগে এনসিপির ৭ নেতার পদত্যাগ, নেপথ্যে যে কারণ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করায় রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাত নেতা পদত্যাগ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে  সোশ্যাল মিডিয়ায় তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা হয়।

পদত্যাগ করা নেতারা হলেন— এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সাংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহসাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।

পদত্যাগপত্রের লিখিত কপি নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ারও করেছেন এনসিপির এই নেতারা। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।
উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন,

‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে একসময় একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে। এ অবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না’— পদত্যাগপত্রে উল্লেখ করেন উজ্জল চাকমা।

পদত্যাগের কথা জানিয়ে উজ্জল লিখেছেন, ‘আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং সঙ্গে সঙ্গে আজ থেকে জাতীয় নাগরিক পার্টির পদ থেকে পদত্যাগ করলাম।’
এ বিষয়ে জানতে উজ্জল চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

একযোগে সাত নেতার পদত্যাগের খবরে কিছুটা বিস্মিত হয়ে রাঙামাটি জেলা কমিটির এনসিপি আহ্বায়ক বিপিন জ্যোতি জানালেন, ‘শুনেছি আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির অনেক নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে তারা এখনো কোনো লিখিত আবেদন করেননি। তবে হঠাৎ করে গণহারে এভাবে পদত্যাগ করার কারণ কী তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব।’

    শেয়ার করুন: