ভারত যাওয়ার সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আটক নাসিমুল ইসলাম
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়ের করা একটি মামলা রয়েছে।
২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশের অধিযাচনের ভিত্তিতে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।



