তিতাসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

তাহসিন, ফাইল ছবি
কুমিল্লার তিতাসের গোমতী নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে তাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসিন স্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে দুলারামপুর গ্রামের আনোয়ার সিদ্দিকের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, গোমতী নদীর যে স্থানে তাহসিন গোসল করতে নেমেছিল, সেটি ঝুঁকিপূর্ণ। তাদের দাবি, সেখানে অনেক আগে একটি মসজিদ নদীতে তলিয়ে গিয়েছিল। এ ছাড়া এক-দুই বছর পরপর সেখানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, নদীতে থাকা জিওব্যাগে আটকে গিয়েও তাহসিনের মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, গোমতী নদীতে ডুবে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। পরিবারের সম্মতিতে নিহত তাহসিনের দাফন সম্পন্ন হয়েছে।



