কুলাউড়া
‘বিষমাখা ধান’ খেয়ে ৭০ হাঁসের মৃত্যু, অসুস্থ আরও দুই শতাধিক

ছবি: আগামীর সময়
সকালে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল খামারের শত শত হাঁস। কয়েক ঘণ্টা পর খবর আসে, একসঙ্গে মারা গেছে বেশ কিছু হাঁস। ঘটনাস্থলে গিয়ে ৭০টি হাঁসের মৃতদেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান খামারি শাহাবুদ্দিন।
তার অভিযোগ, নদীর পাড়ের একটি জমিতে ছড়িয়ে রাখা ধান খাওয়ার পরই হাঁসগুলো মারা গেছে। ওই ধানে বিষ মেশানো থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামারটির আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামার মালিক শাহাবুদ্দিন (৩৫)। রবিবার ঘটনাটি ঘটলেও আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের খামারে ‘ক্যাম্পবেল’ জাতের ৩১০টি হাঁস ছিল। স্থানীয়ভাবে এসব হাঁস ‘টেপি হাঁস’ নামে পরিচিত। খামারের অধিকাংশ হাঁসই ডিম দিত। প্রতিদিনের মতো রবিবার সকালেও হাঁসগুলোকে বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন তিনি।
শাহাবুদ্দিন বলেছেন, দুপুরের দিকে প্রতিবেশীদের কাছ থেকে হাঁস মারা যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি ৭০টি হাঁসকে মৃত অবস্থায় দেখতে পান। একই এলাকায় স্থানীয় আরও ছয়টি হাঁসের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জীবিত হাঁসগুলো বাড়িতে নিয়ে আসেন তিনি।
খামারি জানালেন, নদীর তীরবর্তী একটি জমিতে কিছু ধান ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। মৃত হাঁসগুলোর পেটের ভেতর ধান পাওয়া গেছে বলে দাবি তার। এ কারণে তার ধারণা, ধানের সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মেশানো থাকতে পারে এবং তা খাওয়ার কারণেই হাঁসগুলোর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানালেন, অসুস্থ হয়ে পড়া বাকি হাঁসগুলোর চিকিৎসা শুরু করা হয়েছে। একজন প্রাণিচিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তাদের ওষুধ খাওয়ানো হচ্ছে। এতগুলো হাঁস মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানালেন। এ বিষয়ে তিনি কুলাউড়া থানায় অভিযোগ দেবেন বলেও জানান।




