বরিশাল
পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার মূলহোতা মুন্না

বরিশালে পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৫ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা মোস্তাকিম রহমান মুন্নাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
গ্রেপ্তার মোস্তাকিম রহমান ওরফে মুন্না সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুড়া উদয়পুর এলাকার রশিদ সরকারের ছেলে।
সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার দুপুরে জানিয়েছেন বরিশাল এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।
তিনি মামলার বরাতে জানান, ভিকটিমের ননদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত মুন্নার পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভিকটিমকে ধর্মের বোন ডেকে পরিবারের বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে মায়ের ক্যান্সারের চিকিৎসা ও নিজের দুর্ঘটনার মিথ্যা অজুহাত দেখিয়ে ২০২৪ সালের ১৩ জুন থেকে ২০২৫ সালের ২২ মের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ভিকটিমের কাছ থেকে সর্বমোট ১৫ লাখ ৯৬ হাজার ২৭০ টাকা হাতিয়ে নেন।
তিনি জানান, পরবর্তীতে টাকা ফেরত চাইলে, মুন্না টাকা নেওয়ার কথা অস্বীকার করে এবং ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বরিশালের হিজলা থানায় প্রতারণা মামলা করেন।
সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, অভিযুক্ত আত্মগোপনে থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল এসআরবি-৮ এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এসআরবি-৮ ও এসআরবি-১২ এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যে মুন্নাকে গ্রেপ্তার করে।



