ঝিনাইদহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: আগামীর সময়
ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তের স্ত্রী মিলি খাতুনকে আটক করেছে।
স্থানীয়দের বরাতে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা জানালেন, শুক্রবার দুপুরে ওই গ্রামের মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সঙ্গে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী-ছেলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে গেলে পথেই মারা যায় মজিবুল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানালেন ওসি।



