চৌদ্দগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, গণপিটুনি

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
আজ রবিবার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় লোকজন মনিরকে আটক করেন। এ সময় তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ থাকার কথা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্র ও কার্তুজসহ থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে থাকাকালে মনির নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কের সূত্র ধরে তিনি নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে ফিরে রবিবার সকালে গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



