নবাবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে আটক ২

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতের নাম মো. সজল মাহমুদ (৩৪) নাম।
গত সোমবার বিকালে উপজেলার বাহ্রা গ্রামে এই ঘটনা ঘটে। আহত সজল ইছামতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এই ঘটনায় সজল মাহমুদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহারে তিনি অভিযোগ করেন, মামলার প্রধান আসামি ও ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার সন্দেহে তার ওপর এই হামলা চালানো হয়। ব্যবসায়িক অংশীদারের ফোন দিয়ে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয় এবং সঙ্গে থাকা ছোট ভাইকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মামলার আসামি মোজাম্মেল দাবি করেন, তিনি সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন এবং ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শুভ আহমেদ জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। উভয় পক্ষের দুইজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



