কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, গুরুতর আহত বাবা

অভিযুক্ত মুত্তাকীন আলম শোভন।
কুড়িগ্রাম সদর উপজেলায় পারুল বেগম নামে এক নারীকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
গত রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে তার মাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগম নিহত হন। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে সরদার আলীকেও ছুরি মারেন শোভন। পরে তিনি পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানালেন, অভিযুক্ত শোভনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



